চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, শিশুদের প্রতিভা বিকাশে বড় মঞ্চে পরিবেশনার সুযোগ করে দেওয়া হবে। চাঁদপুরে নতুন অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে, যারা ভালো গান, নাচ ও আবৃত্তি করে। তাদের প্রতিভা চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে এসব শিশু শিল্পীকে আরও বড় মঞ্চে পরিবেশনার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক বলেন, শিশুদের প্রতিটি পরিবেশনা ছিল অত্যন্ত ভালো। এসব পরিবেশনার মধ্য দিয়ে চাঁদপুরের অনেক নতুন প্রতিভাবান শিল্পীকে নতুন করে চেনার সুযোগ হয়েছে। শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বিশ্ব শিশু দিবস ও বিশ্ব কন্যাশিশু দিবস সফল হোক। দেশের সব শিশু যেন তাদের প্রাপ্য অধিকার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে পারে-এটাই প্রত্যাশা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মেদ সোহেল আমিন সাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা ও সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে গান, নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক রুমা সরকার, নৃত্য প্রশিক্ষক অভিজিত রায়, তবলা সংগতশিল্পী সৈকত মজুমদার সিজার এবং আবৃত্তি প্রশিক্ষক আক্রাম খান ও অন্তরা বিনতে জাকির মাহা।
ফম/এমএমএ/


