নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী নেই, ব্যাখ্যা নিল ইউরোপীয় ইউনিয়ন

ছবি: ফোকাস মোহনা.কম।
চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন নারী প্রার্থী দেননি এবং নির্বাচনে কীভাবে নারীরা প্রতিনিধিত্ব করছে এসব বিষয়ে জেলা পর্যায়ে নারীদের সাথে কথা বলে মতামত ও ব্যাখা নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে এক বৈঠকে নারী দায়িত্বশীলদের সাথে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক লার্স প্লাজম্যান ও মাজা হুরালিমান।

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দীর্ঘ সময় তারা মহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের নারীদের সাথে খোলামেলা কথা বলেন।

মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারী ফেরদৌসী সুলাতানা, চাঁদপুর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা, পৌর মহিলা জামায়াতের সেক্রেটারী মানসুরা আক্তার, পেশাজীবী মহিলা বিভাগ নেতা নাসরিন সুলাতানা এ সময় উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফারজানা আক্তার বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানতে চেয়েছে নির্বাচনে নারীদের পক্ষ আমরা প্রতিনিধিত্ব করছি কিনা, সামনেও করবো কিনা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী দেখতে পাচ্ছেন না তারা। এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কোথায়। আমরা বলেছি, বিগত সরকারের সময়ে মহিলা জামায়াতের পক্ষ থেকে পরিচয় দিয়ে সমাজে কথা বলার মতো পরিবেশ ছিলো না। ৫ আগস্টের পর আমরা মাত্র অল্প সময় পেয়েছি। এই সময়ের মধ্যে আমাদের মহিলা জামাতের নারীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার যথেষ্ট সময়ও পাননি।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মহিলা জামায়াতের অংশগ্রহণ রাখে এবং মতামতকে অনেক গুরুত্ব দেন। যোগ্যাতার বিচারে নারীরা কোন অংশে পিছিয়ে থাকবে না। এবার জাতীয় সংসদ নির্বাচনে নারীদের যথেষ্ট অংশগ্রহণ ও সফলতা রয়েছে, তাতে আমরা আমাদের প্রস্তুত করে নিতে পারবো। আগামীতে মহিলা জামায়াতের নির্বাচনসহ সবক্ষেত্রে অংশগ্রহণ থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক সদস্যরা জানান, তারা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী ও জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের সাথে পৃথক বৈঠকে কথা বলছেন। এটি তাদের কাজের অংশ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম