সন্ত্রাস-দুর্নীতি প্রতিহত করতে চাঁদপুরে দাঁড়িপাল্লার ব্যাপক গণজোয়ার

চাঁদপুর: সন্ত্রাস চাঁদাবাজ, দখলবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চাঁদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, চাঁদপুরকে চাঁদাবাজমুক্ত, দখলমুক্ত ও মাটি খেকোদের হাত থেকে রক্ষা করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। দাঁড়িপাল্লা হলো ন্যায় ও ইনসাফের প্রতীক।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, ভূমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। জনগণ এবার এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’, ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। পথসভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, ১১ দলীয় জোটের শরিক দলগুলোর প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম