মতলব উত্তরে সাবেক যুবদল নেতার উপর ছাত্রদল নেতার হামলা

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের উপর হামলা করেছে সাবেক ছাত্রদল নেতা হাবিব গং।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাগানবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। মনিরের উপর হাবিব কর্তৃক অস্ত্র হামলার ঘটনায় তিনি মাথায় গুরুতর জখমী হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মনিরের বড় ভাই কবির হোসেন বলেন, আমার ভাই মনিরের সাথে হামলাকারী হাবিবের কোন শত্রুতা নেই। মনির আমাদের এলাকার একজনের কাছ থেকে জমি কিনতে চেয়েছিল। সেই জায়গা তরিকুল নামে এক ব্যক্তি বহুগুন দাম বেশি দিয়ে ক্রয় করে ফেলেছে। সেই সুত্র ধরে আমার ভাইয়ের উপর তরিকুলের পক্ষ নিয়ে হাবিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করেছে।

তিনি আরো বলেন, আমার ভাই মনির ধানের শীষের একজন একনিষ্ঠ কর্মী। সে নির্বাচনে এজেন্ট হওয়ার জন্য আইডি কার্ড ও ছবি জমা দিতে বাগানবাড়ি বাজারে গিয়েছিল। ওই সময় তার উপর হাবিব ও তার সন্ত্রাসী দল পিস্তল এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। মনিরের মাথা ফেটে রক্তাক্ত জখমী হয়ে গুরুতর আহত হয়েছে।

এদিকে ঘটনার পর হামলাকারী তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবের বাড়ি থেকে যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে। এ বিষয়ে তার সঙ্গে কথা বলার চেস্টা করলে হাবিবকে পাওয়া যায়নি। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম