পৃথিবীর জাতির পিতাদের মধ্যেও সেরা বঙ্গবন্ধু: ড. সেলিম মাহমুদ

প্রধান অতিথির বক্তব্য দেন ড. সেলিম মাহমুদ এমপি। ছবি: ফোকাস মোহনা.কম
চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি বলেছেন, ভারত উপমহাদেশে অনেক ভাষাভাষী জাতি গোষ্ঠী আছে। কিন্তু তাদের আলাদা কোন রাষ্ট্র নেই। একমাত্র বাঙালি জাতিরই স্বাধীন রাষ্ট্র আছে। আর এটিই সম্ভব হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কারণে। পৃথিবীতে অনেক জাতির পিতা আছে। কিন্তু আমাদের জাতির পিতা হচ্ছে জাতির পিতাদের মধ্যে সেরা।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে বীর মুক্তিযোদ্ধারা। তারাই নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছেন। তারা সকল স্থানের সম্মানিত । বঙ্গবন্ধু কন্যা তাদের সম্মানী ভাতা বাড়িয়েছেন এবং তাদের জন্য যা যা দরকার তা করেছেন এবং আগামীতেও করবেন।
সেলিম মাহমুদ বলেন, আমার দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। মহান স্বাধীনতা সংগ্রামের পর বাঙালি জাতি যা কিছু পেয়েছে, এবং যত অর্জন আছে,  তা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।
তিনি বলেন, আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার গত ৫৩ বছর পূর্বে আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি।  ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধানে লিখে গেছেন দেশের রূপ কি হবে, কিভাবে দেশ পরিচালনা হবে। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ও সমাজতন্ত্রকে একসাথে রেখে গেছেন।  ৫৩ বছর পরেও আমরা অনেকেই বুঝতে পারি না একটি স্বাধীন রাষ্ট্রের মর্মকি।
বিশেষ অতিথির বক্তব্য দেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হাসান।
বক্তব্য দেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সহকারী কমান্ডার আবদুল মমিন, মিয়া
জাবের মিয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য, খোকা পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাব সভাপতি প্রিয়তোস পোদ্দার।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন ড. সেলিম মাহমুদ এমপি।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম