চাঁদপুর : চাঁদপুরে তারুণ্যের উৎসব (২য় পর্ব) উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩ শতাধিক প্রতিযোগির অংশগ্রহণে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা ও প্রীতি ওয়াটারপোলো ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ লেকেরপাড়ে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় ওয়াটারপোলো প্রীতি ম্যাচ এর আয়োজন করা হয়। ম্যাচে বাংলাদেশ পুলিশবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রীতি ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আমাদের ওয়াটারপোলো ম্যাচ আয়োজনের একটি উদ্দেশ্য হচ্ছে এ ম্যাচ সম্পর্কে চাঁদপুরের খেলোয়াড়দের সাথে পরিচিত করা এবং এর প্রতি আগ্রহ তৈরি করা। আমরা অনেকেই এই খেলাটার সম্পর্কে জানলেও আমাদের দেশে এতে ভালো কোন অর্জন হচ্ছে না। আমরা চাই নদীমাতৃক এই দেশে এবং নদীবেষ্টিত এই শহরের ছেলেরা এতে ভালো করবে ও দেশের সুনাম বহির্বিশ্বে ভালোভাবে অক্ষুণ্ণ রাখবে।
এসময় আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সাঁতারে উন্নত প্রশিক্ষণের জন্যে আগ্রহ প্রকাশ করলে জেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বপালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফারজানা হক।
এরআগে সকালে একইস্থানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্নরকমের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকদের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কারের অংশ হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অন্যান্য অতিথিরা
ফম/এস.পলাশ/এমএমএ/


