চাঁদপুর : গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে আরও সুদৃঢ় করতে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত দুই মাসব্যাপী বিশেষ বিক্রয় উৎসবের র্যাফেল ড্র-এ বিজয়ী ৮০ জন গ্রাহকের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দিয়েছে ফিউচার ইলেকট্রনিক্স অল প্রোডাক্টস।
রোববার (২০ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় সোনালী ব্যাংকের বিপরীতে অবস্থিত ফিউচার ইলেকট্রনিক্স শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত দুই মাসব্যাপী বিশেষ অফারের আওতায় ফিউচার ইলেকট্রনিক্স অল প্রোডাক্টসের যেকোনো পণ্য ক্রয়কারী গ্রাহকরা র্যাফেল ড্র-এ অংশ নেওয়ার সুযোগ পান। পরে লটারির মাধ্যমে নির্বাচিত প্রথম থেকে ৮০তম বিজয়ীর মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
র্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল দেওয়া হয়। বিজয়ীর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার সময় উপস্থিত গ্রাহকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিউচার ইলেকট্রনিক্স অল প্রোডাক্টসের পরিচালক মো. কুতুব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কার্যকরী নির্বাহী পরিচালক হাফেজ মো. ফরহাদ হোসেন এবং ওয়্যারলেস বাজার শোরুমের সহকারী পরিচালক মো. আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে মো. কুতুব উদ্দিন বলেন, গ্রাহকদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাসের প্রতিদান দিতেই আমরা মানসম্মত পণ্য, সাশ্রয়ী মূল্য ও উন্নত সেবার পাশাপাশি নিয়মিত বিভিন্ন অফার ও পুরস্কারভিত্তিক কর্মসূচির আয়োজন করে থাকি। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
আয়োজকরা জানান, চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার শোরুম, ডায়াগনস্টিক হাসপাতাল সংলগ্ন শোরুম এবং পুলিশ সুপার কার্যালয়ের বিপরীত পাশের শোরুম—এই তিনটি বিক্রয়কেন্দ্রের ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত মোট ৮০ জন সৌভাগ্যবান গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত গ্রাহকরা প্রতিষ্ঠানটির উদ্যোগের প্রশংসা করে বলেন, মানসম্মত পণ্য কেনার পাশাপাশি পুরস্কার জয়ের সুযোগ গ্রাহকদের আগ্রহ ও আস্থা আরও বাড়িয়ে তুলবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা বিজয়ীদের হাতে একে একে পুরস্কার তুলে দেন।
ফম/এমএমএ/



