চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আনোয়ার হোসেন খান।
রবিবার (২৪ মে ) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সঞ্চালনায় গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন মোঃ মোক্তার আহমেদ, সৈয়দ আহমেদ খান, মোঃ আক্তার হোসেন পাটওয়ারী,মোঃ সোলায়মান পাটওয়ারী, মোঃ খোরশেদ আলম শেখ, মোঃ শাহ আলম, মোঃ ছালাউদ্দিন ও মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনার এক পর্যায়ে গভর্নিং বডির সহ-সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন খানের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সদস্যরা কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করেন। পরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত সহ-সভাপতিকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, মোঃ আনোয়ার হোসেন খান ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান “ঢাকা হোম ডেকর”-এর স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠন ও চান্দ্রা বাজার ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
ফম/এমএমএ/



