ফরিদগঞ্জে কৃষি ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, গ্রেপ্তার যুবক

চাঁদপুর : পেশায় কৃষক না হলেও দিনরাতের বেশির ভাগ সময়ই তিনি কাটান মাঠে-ঘাটে। কিন্তু কেউ জানত না বর্গাচাষকৃত জমিতে বেগুন চাষের আড়ালে তিনি করছেন গাঁজা চাষ।

সম্প্রতি ফাঁস হয়েছে সেই গোপনে গাঁজাচাষের কারবার। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (২৩ মে) মধ্য রাতে গাঁজা গাছসহ নজরুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ। নজরুল ইসলাম ওই গ্রামের নয়ানি বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, উপপুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে ওসির দিকনির্দেশনায় ওই রাতে গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নজরুল ইসলামের চাষ করা একটি বেগুন ক্ষেতে গাঁজা শনাক্ত করা হয়। পরে গাছসহ জমির মালিক নজরুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, নজরুল পেশাদার কৃষক না হয়েও দিনরাতের বেশির ভাগ সময় বেগুন ক্ষেতেই কাটাতো। বেগুনের আড়ালে গাঁজা চাষ করতো। সে স্বীকার করেছে, সখের বসেই একটি গাছ লাগিয়েছিল, আর সেই ক্ষেতে সময় কাটাতে তার ভালো লাগতো।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বর্গাচাষকৃত জমি থেকে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছ জব্দ ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
এর আগেও উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের একটি কৃষি ক্ষেত থেকে ২৫টি এবং চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালী গ্রামের কৃষি ক্ষেত থেকে ১৩টি গাঁজা গাছ উদ্ধার করে থানা পুলিশ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম