
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুর‑৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ড. নেয়ামুল বশির জনগণের কাছে দেশকে নতুনভাবে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যায়মুক্ত, ইনসাফভিত্তিক, কল্যাণমুখী ও সুষ্ঠু শাসন প্রতিষ্ঠার সুযোগ এবার এসেছে। জনগণই আমাদের শক্তি, জনগণের ভোটই আমাদের মর্যাদা। এই নির্বাচনে ছাতা প্রতীকে ভোট দিয়ে আপনিও সেই গর্বিত যাত্রার অংশীদার হোন।
ড. নেয়ামুল বশির বলেন, ৫৪ বছর ধরে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি ও দুর্বৃত্তায়ন আজও সমাজকে অস্থিতিশীল করে রেখেছে। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ রাতের অন্ধকারেও নিরাপদে ঘুমাতে পারুক এবং মা‑বোনেরা প্রয়োজনে রাতেও নিরাপদে বাইরে যেতে পারুক। এটি আমাদের অগ্রাধিকার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নে ১০ দলীয় জোটের প্রার্থী ড. নেয়ামুল বশির ছাতা প্রতীকের গণসংযোগ কালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন।
সাধারণ মানুষের সাথে আলাপকালে তিনি দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতকে যুগোপযোগী ও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন, কমিউনিটি চিকিৎসা কার্যক্রম, গর্ভকালীন মায়েদের নিরাপত্তা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের জন্য স্বার্থহীন ঋণ, উচ্চশিক্ষায় সুযোগ এবং মেধা‑ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করা হবে।
ড. নেয়ামুল বশির আরও বলেন, যুবসমাজের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা প্রতিটি উপজেলায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও উদ্যোক্তা সহায়ক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব। কৃষি ও শিল্প খাতের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা হবে এবং বন্ধ শিল্প ও কারখানা পুনরায় চালু করা হবে।
অর্থনীতি সংক্রান্ত নীতিতে তিনি বলেন, কর ও ভ্যাট হ্রাস করা হবে, গ্যাস‑বিদ্যুৎ‑জল খাতে স্থিতিশীল মূল্য নীতি চালু হবে এবং দেশের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, নিরাপত্তা ও জীবনমান নিশ্চিত করা হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাধিকার হরণের চেষ্টা কেউ করলে তা প্রতিহত করা হবে। আমাদের লক্ষ্য ন্যায্য ও সুষ্ঠু নির্বাচন। আরেকবার ক্ষমতার পালা বা পেশিশক্তি ব্যবহার, প্রশাসনের অপব্যবহার, রাতে ভোটকেন্দ্রে বলপ্রয়োগ এসব ভুলে যেতে হবে।
ড. নেয়ামুল বশির বলেন, দেশের শাসন দেশের নিজস্ব ও সৎ মানুষের হাতে থাকবে। প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব, সাম্প্রদায়িক বিভাজন ও অশান্তিকামী শক্তি কোনোভাবেই দেশের শাসনে প্রভাব ফেলতে পারবে না। আমাদের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক, কল্যাণমুখী এবং সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা করা। দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এবার এসেছে।
প্রার্থী এও উল্লেখ করেছেন যে, এই পরিকল্পনা জামায়াত কেন্দ্রীয় ইশতেহার, আমির শফিকুর রহমান ও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের রাজনৈতিক দর্শন এবং ১০ দলীয় জোটের নীতিমালার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন, “আপনারা যদি এই পরিবর্তনের সুযোগ গ্রহণ করেন, চাঁদপুর‑৫ ও পুরো দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো এক নতুন দিশা পাবে।
গণসংযোগকালে শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, চিতোষী পূর্ব ইউনিয়নের আমির আমিনুল হক, নায়েবে আমির আবু নাঈম মাছুম বিল্লাহ, চিতোষী পশ্চিম ইউনিয়নের আমির মাওলানা মাকবুল হোসাইন, সেক্রেটারি মাস্টার তাজুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/ফয়েজ/


