চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মো. আল আজিম হোসেন মাত্র ২৪৫ দিনে (৮ মাস ৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত নতুন বছরের সবক (পাঠদান) ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আজিম শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের পন্ডিত বাড়ির মো. মনির হোসেনের ছেলে। তার বাবা একজন প্রবাসী।
সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস শহীদ উল্যাহ। তিনি বলেন, “আজিমের এই সাফল্য পবিত্র কোরআনের একটি মো’জেজা (নিদর্শন) এটি আমাদের সমাজের জন্য গর্বের। প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কোরআনের আলোয় নিজেকে গড়ছে, তখন তা সমাজের জন্যও আশার আলো হয়ে ওঠে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ী আকতার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর একাডেমির অধ্যক্ষ মো. আলী আজগর মিয়াজী, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল প্রমুখ।
হাফেজ স্বীকৃতি পাওয়া মো. আল আজিমের মাতা সেলিনা আক্তার জানান, এক কন্যা ও পুত্রের মধ্যে আজিম ছোট। তিনি তাঁর স্বামী প্রবাসী।
মো. আল আজিম জানান, তিনি দেশ ও ইসলামের খেদমতে (সেবা) নিজেকে নিয়োজিত রাখতে একজন যোগ্য আলেম হতে চান। এজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, আজিম অত্যন্ত মনোযোগী ও বিনয়ী ছাত্র। ধারাবাহিক অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ২৪৫ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করেছে।
তিনি আরও জানান, এ মাদ্রাসা থেকে এর আগে তৌহিদুল হাসান তাহসিন ৪ মাসে ও হাফেজ ছায়েদুজ্জামান তানভীর ৫ মাস ২৫ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে হাফেজ মো. আল আজিম কে সংবর্ধনা প্রদান ছাড়াও মাদ্রাসার নতুন শিক্ষার্থীদের পাঠদানের সূচনা করা হয়।
ফম/এমএমএ/


