১১তম গ্রেডের প্রজ্ঞাপনের দাবিতে মতলবে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

মতলব উত্তর (চাঁদপুর): সহকারী প্রাথমিক শিক্ষকদের  ১১তম বেতন গ্রেডের প্রজ্ঞাপন জারি করার দাবিতে সারাদেশে কর্মবিরতি করছেন শিক্ষকরা। সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলার সকল বিদ্যালয়গুলোতেও একই চিত্র।

উপজেলার নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও পালন করছেন কর্মবিরতি। স্কুলে চলাকালীন বার্ষিক পরীক্ষা স্থগিত রেখেছেন তারা। সরকার তাদের দাবি মেনে নিলেই পরীক্ষা নেওয়া শুরু করবেন বলে জানান কর্মবিরতিতে থাকা শিক্ষকরা।

সহকারী শিক্ষক মোঃ খায়রুজ্জামান ও তফুরা ইয়াসমিন বলেন,  আমাদের বেতন কাঠামো ১১তম গ্রেডের দাবিতে আমরা আন্দোলন করেছি। সরকার আমাদের দাবী মেনে নিলেও এখনো প্রজ্ঞাপন জারি করেনি। ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবেই।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, কর্মবিরতিতে শিশুদের  কোন সমস্যা হবে না কারণ এখন ক্লাস চলে না। তবে যখনই আমাদের দাবি মেনে নিবে তখনই পরীক্ষা নেওয়াসহ ও আমাদের কার্যক্রম নিয়মিত চলবে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক আছমা আক্তার, মোহাম্মদ খায়রুজ্জামান, মোঃ আব্দুস ছালাম, হারুন অর রশিদ, জান্নাতুল ফেরদৌসী, তফুরা ইয়াসমিন, মুক্তা আক্তার, ও রবিউল্লাহ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম