চাঁদপুর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের ওয়ারলেস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন এবং হত্যাকাণ্ডের বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, হাদি হত্যাকাণ্ডের ঘটনার প্রায় ২০ দিন অতিবাহিত হলেও এখনো বিচারিক প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে এবং ভবিষ্যতে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে।
শিক্ষার্থীরা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং একজন নিরপরাধ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার নৈতিক ও মানবিক দাবি। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সমর্থন জানান। এ সময় তারা বলেন, “হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে” এবং “বিচারহীনতা আর নয়”।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় যে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
ফম/এমএমএ/


