হাজীগঞ্জে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুর :  চাঁদপুরের হাজীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিনামূল্যে প্রায় ৩শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক তানভীর হায়দার চৌধুরী।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের জন্য অর্থোপেডিক্স ও ট্রমা চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

চিকিৎসক তানভীর হায়দার চৌধুরী হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ তাফাজ্জল হায়দার নসু চৌধুরী এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ও চিকিৎসক সৈয়দা বদরু নাহার চৌধুরীর ছেলে। তানভীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটপোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ।

দিনব্যাপী প্রায় ৩ শতাধিক অসহায় দুঃস্থ রোগীকে হাড়জোড়া, হাড়ভাঙা, জয়েন্ট পেইন, বাতব্যথা, বিকলাঙ্গ রোগ, জন্মগত হাত-পা বাঁকাসহ অর্থোপেডিক্স ও ট্রমা সংকান্ত চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

এছাড়া যেসব রোগী টাকার অভাবে হাড়ভাঙা অপারেশন করতে পারেন নাই তাদেরকে স্বল্পখরচে এবং বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা করা হয়েছে।

চিকিৎসা সেবা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন স্থানীয় একুশে হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম