হাজীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ফয়সাল হোসেন (২৬) ও ইসমাঈল হোসেন (৪৮) নামের দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরো দুই ব্যাক্তি। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার ধেররা চিটাগাং বেকারি সংলগ্ন এলাকায় মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে ফয়সাল হোসেন মারা যান। এ দূর্ঘটনায় অপর দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত ফয়সাল হোসেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের হাজী বাড়ির মো. ইদ্রিসের ছেলে। সে তার বাবা ও মায়ের সাথে হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের চৌধুরী পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

আহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মোল্লা বাড়ির মৃত কাউছার মজুমদারের ছেলে সৌরভ (২৫) ও একই গ্রামের করিমের বাগান এলাকার মনির কাজীর ছেলে সোহান (২৩)।

অপরদিকে একই দিন বিকেলে রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ পৌরসভার বদরপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা যান গরুর ব্যবসায়ী ইসমাঈল হোসেন। তিনি কচুয়া উপজেলার কড়াইয়া গ্রামের মোল্লা বাড়ির ফজলুল হকের ছেলে।

ধেররা দুর্ঘটনার স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, আমি হাজীগঞ্জের দিকের যাচ্ছিলাম। এসময় আমার মোটরসাইকেলসহ সামনে থাকা দুটি সিএনজি চালতি স্কুটারকে ওভারটেক করে অপর একটি মোটরসাইকেল। ওই মোটরসাইকেলে ৩ যুবক ছিলেন। এরপর চোখের পলকেই দেখলাম তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা যুবকদেরকে উদ্ধারকালে দেখা যায় ফয়সাল হোসেন (২৫) ঘটনাস্থলেই মারা যায়।

কাঁঠালিতে দুর্ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, হাজীগঞ্জ বাজার থেকে কচুয়ামূখী রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়ক দিয়ে একটি পিকআপ যাওয়ার সময় বদরপুর এলাকায় পিছন থেকে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের ভিতরে থাকা ইসমাঈল হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের ভাই ছফি উল্যাহ্ জানান, নিহত ইসমাঈল হোসেন গরুর ব্যবসায়ী ছিলেন। তিনি আজ গরু বিক্রি করার উদ্দেশ্যে সফরমালি যান। সেখানে গরু বিক্রি করে হাজীগঞ্জ হয়ে কচুয়া যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, সড়ক দুর্ঘটনা নিহত দুই জনের মরদেহ থানা হেফাজতে আছে। পরিবারের লোকজন খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মরদেহ হস্তান্তর করা হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম