হাজীগঞ্জে খামারের তালাকেটে পাঁচ গরু চুরি

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জের বেলঘর গ্রামের বাসিন্দা ইউসুফ গাজী। পেশায় তিনি কৃষক। পাঁচজনের সংসার। দুই গাভীর দুধ বিক্রি করে সন্তানদের পড়াশোনা ও ভরণপোষণের খরচা মেটাতেন। কিন্তু সেই দুটি গাভী, খামারে থাকা আরো একটি ষাঁড় ও দুইটি বাচুর চুরি হয়ে গেলো।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ইউছুফ গাজীর সাজানো সংসারের অবলম্বনটুকুকে কেড়ে নিয়ে গেলো চোরচক্র। তারা খামারের দরজার তালা কেটে ৫টি গরু চুরি করে।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নের বেলঘর পদুয়া গাজী বাড়ীতে। তবে ঘটনাটি জানাজানি হয় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে।

ইউছুফ গাজী কান্না জড়িত কন্ঠে জানান, তার খামারে প্রায় সাত লাখ টাকার গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখেন খামারের দরজার তালা কাটা।

তার স্ত্রী নারগিস বেগম জানান, তাদের দুই মেয়ে ও এক ছেলের ভরণপোষণ পড়াশোনা ও সংসারে দৈনন্দিনের চাহিদা মিটাতে একমাত্র সম্বল ছিলো গরুগুলো। খামারে থাকা গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা। শেষ সম্বলট্কুু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার জানান, খবর পেয়ে তাদের সান্ত্বনা দিয়েছি। আইনানুগ প্রক্রিয়ায় চোরচক্রটি সনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপী দাস জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম