হাজীগঞ্জে ইঞ্জিন চালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

হাজীগঞ্জ (চাঁদপুর): পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগী বহনকারী ট্রলির সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামের এক যাত্রীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় এক নারীসহ আরো ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার কিছু পরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার জাফর মেম্বার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রিরা হাজীগঞ্জ থেকে সিএনজি স্কুটারে করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কোমরে আঘাতপ্রাপ্ত রিনা বেগম জানান, আমাদের বহনকারী স্কুটারটি যেমনি জোরে চলছিলো ঠিক তেমনি বিপরীত দিক থেকে আসা মুরগীর ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা মারে। এতে আমরা যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যাই। এর মাঝে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়েছে কিন্তু সম্ভবত ট্রলির সাথে মারাত্বক সংঘর্ষের কারনে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, ঘটনার পর পর আমরা ছুটে এসে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই,তবে তাৎক্ষনিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি। আহতের মধ্যে সিএনজি চালিত স্কুটারের চালক রয়েছেন। ট্র্রলি ও সিএনজি চালিত স্কুটারটি আমরা আটকে রেখেছি,পুলিশ আসলে বুঝিয়ে দেয়া হবে।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, ঘটনার পর পর আমি এখানে এসে দেখি হৃদয় বিদারক এক ঘটনা। আহত এক নারী রিনা আমাকে জানান, নিহত ব্যক্তির নাম কিবরিয়া। আমাদের গাড়ির সাথে মুরগীর সংঘর্ষ ঘটে এর পরে কি হয়েছে আমার মনে নেই।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: আব্দুর জব্বার জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম