হাইমচর (চাঁদপুর) : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় র্যালিটি শুরু হয়ে সকাল ১১টা ৩০ মিনিটে শেষ হয়। র্যালিটি হাইমচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আলগীবাজার, রায়ের বাজার, হাইমচর নতুন বাজার, সাবু মাস্টার মোড়, হাইমচর সরকারি কলেজ,চৌধুরী বাজার এবং গাজীর বাজার।
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার আমির মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি জসিম উদ্দিন বাহার এবং জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি সালাউদ্দিন রুমি ও সেক্রেটারি আবুল খায়ের।
র্যালির উদ্বোধনী বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হোসাইন বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ যুবকরাই প্রধান ভূমিকা পালন করবে। তারাই ১৯৭১ ও ২০২৪ সালের সংগ্রামী মানুষের স্বপ্ন পূরণে সহায়ক হবে।
তিনি আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অনন্য সুযোগ।
র্যালিতে অংশগ্রহণকারী যুব নেতৃবৃন্দ বলেন, বিজয় দিবসের চেতনাকে ধারণ করে দেশ গঠনে যুবসমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল করে তুলতেই এই আয়োজন করা হয়েছে।
সাইকেল র্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
ফম/এমএমএ/


