
ছবি: সংগ্রহীত।
চাঁদপুর : খাবারে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ খাবার ও নোংরা পরিবেশের কারণে চাঁদপুরের হাইমচরে তিন খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার আলগী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে ।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযানের সময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে ভাই ভাই বেকারির মালিককে ১০ হাজার টাকা, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে বিসমিল্লাহ সুইটস মালিককে ৫ হাজার টাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার অপরাধে কালু হোটেল মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


