
চাঁদপুর: মৌসুমের শুরুতে চাঁদপুর মাছঘাটে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকলেও হঠাৎ করেই আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে কয়েক গুন। ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ২০০ থেকে ৩০০ টাকা। আগে যেখানে ৫০ থেকে ৬০ মণ ইলিশ সরবরাহ হতো, সেখান হঠাৎ করেই ৪০০ থেকে ৫০০ মন ইলিশ ঘাটে এসেছে। মৎস্য বিভাগ বলছে স্থানীয় ইলিশের সরবরাহ আরো বাড়বে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সরগরম ছিল দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাট।
পদ্মা-মেঘনা নদী থেকে আশানুরূপ ইলিশের সরবরাহ না হলে দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের সরবরাহ থাকায় হাঁকডাকে মুখর আড়ত। সকাল থেকে নদী ও সড়ক পথে প্রচুর পরিমাণ ইলিশ নিয়ে চাঁদপুর মাছঘাটে নিয়ে এসেছেন জেলেরা। যার কারণে কেজিতে দাম কমেছে ইলিশের।
মাছঘাটে ইলিশ কিনতে আসা আব্দুল আহাদ বলেন, ঘাটে এসে প্রচুর ইলিশ দেখলাম। মাঝেমধ্যে আসি কিন্তু আজকেই জমজমাট বাজার দেখলাম। কিছুটা দাম কমেছে, তবে আরো কমার দরকার। আশা করি সামনে আরো ইলিশের সরবরাহ বাড়বে, আর আমাদের নাগালের মধ্যে দাম থাকবে।
ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ইলিশের কমতে শুরু করেছে। গত দুইদিন ধরে কিছুটা ইলিশ ঘাটে আসতে শুরু করেছে। তবে চাহিদা তুলনায় সরবরাহ অনেক কম। সরবরাহ বাড়লে দাম কমে।আজকের বাজারে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ টাকা থেকে ২ হাজার ২০০ টাকায়। যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে আড়াই হাজার টাকা থেকে ২ হাজার ৭০০ টাকায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২ হাজার টাকায়।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, হঠাৎ করেই ইলিশের সরবরাহ বেড়েছে। যা দুইদিন আগেও ছিল না। গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। আজকে ৪০০-৫০০ মণ ইলিশ এসেছে কিন্তু সামনে যদি চলমান সরবরাহ না বাড়ে দাম কমার সম্ভাবনা কম। তবে এই সপ্তাহজুড়ে দাম কম থাকবে।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নদীতে ইলিশের প্রাপ্যতা কিছুটা বেড়েছে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে আরো বাড়তে পারে।
ফম/এমএমএ/

