সৎ মায়ের সাথে বাড়ি ফেরার পথে রিকশা উল্টে শিশুর মৃত্যু

চাঁদপুর : চাঁদপুরে সৎ মায়ের সাথে বাড়ি ফেরার পথে রিকশা উল্টে নিহত হয় শিশু মাহমুদা (৬)।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা নানার বাড়ি থেকে নিজ বাড়ি লক্ষীপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় যাওয়ার পথে ঘটনাটি ঘটে। তবে এটি দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা এই নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।

নিহত শিশু মাহমুদা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দোকাঘর ওয়াবদা এলাকার সিঙ্গাপুর প্রবাসী মোঃ আলীর মেয়ে। সে দারুল উলুম নেয়ামতিয়া মাদ্রাসার প্রথম শ্রেনীর শিক্ষার্থী। সে গত ৪ বছর ২য় স্ত্রী সুমির কাছেই থাকতো।

খবর পেয়ে রাত সাড়ে ৮টায় পুরাণবাজার ফার্ড়ির ইনচার্জ চান মিয়া ও  সদর মডেল থানার এসআই নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

শিশুর ফুফু আসমা জানান, আমার ভাই মোঃ আলী সিঙ্গাপুর প্রবাসী। সেই সুযোগে পাশের বাড়ির এক ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয় ১ম স্ত্রী রিমা। পরে রিমার সাথে সংসার না করার সিদ্ধান্ত নেন আলী। তখন ২ বছরের কন্যা সন্তান মাহমুদাকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে চলে যান রিমা। এরপর দেশে এসে ২য় স্ত্রী সুমিকে বিয়ে করেন মোঃ আলী। পরে সন্তান ও স্ত্রীকে দেশে রেখে প্রবাসে চলে যান আলী। ২য় স্ত্রী সুমি নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে মাহমুদাকে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সৎ মায়ের সাথে নানার বাড়িতে যায় মাহমুদা। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে আসার সময় রিকশা থেকে পড়ে মা ও মেয়ে গুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদাকে মৃত ঘোষনা করে। তবে মাহমুদার মৃত্যুর খবর শুনে তার নিজের মা রিমা বাড়িতে এসে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য ২য় স্ত্রী সুমিকে দোষারোপ করতে থাকে। কিন্তু গত ৪ বছর ২য় স্ত্রী সুমি নিজের সন্তানের মতো লালন পালন করে মাহমুদাকে। ২য় স্ত্রী সুমির কোন সন্তান নেই। সন্তানকে হারিয়ে তিনি এখন পাগল প্রায়।

চাঁদদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরাহতাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম