
চাঁদপুর : চাঁদপুরে স্বাস্থ্য সেবার মান বাড়াতে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে প্রয়োজনে প্রতিদিন অভিযান পরিচালনা করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
রবিবার (২০ এপ্রিল) সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সরকারি চিকিৎসক যারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে বসেন, ওইসব চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলো অবৈধ কী না তা যাচাই করে চিকিৎসা সেবা দিতে হবে। যেসব ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে অনিয়ম রয়েছে তার ওপর প্রয়োজনে প্রতিদিন অভিযান পরিচালনা করেন। অনিয়ম পেলে তৎক্ষনাৎ সিল গালা করে দিবেন। জেলা প্রশাসনকে সাথে নিয়ে টানা ১৫ দিন অভিযান করেন।
পৌসভার প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, জনদুর্ভোগ এড়ানো যায় এমন প্রকল্প নিবেন। নাগরিক সেবা নিশ্চিত করাটা হচ্ছে প্রয়োজন। ডাম্পিং স্টেশনের জন্যে আগামী মাসের মধ্যে উদ্যোগ গ্রহণ করবেন।
সরকারি জেনারেল হাসপাতাল প্রসঙ্গে বলেন, হাসপাতালে মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। বাহিরের কোন দপ্তর যখন এদের আটক করে তখন নিজেরা আমরা বিব্রতবোধ করি। তাই নিজেদের কাজটা নিজেরাই আগে করলে খুশি হবো।
এদিন সভার শুরুতে জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ চাকমা’র মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং সর্বসম্মতিক্রমে রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হয়। উনার মৃত্যুতে আমাদের সকলের নিজের শরীরের দিকে খেয়াল রাখা উচিত। এছাড়াও সভায় বিভিন্ন উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ কর্মকান্ডের উপরও বিশেষ নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
সভায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফম/এস.পলাশ/এমএমএ/



