স্কুলছাত্র রাফিন হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল চাঁদপুর

চাঁদপুর :  স্কুলছাত্র আবু সাঈদ রাফিনের মর্মান্তিক মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর। সড়ক দুর্ঘটনায় নিহত এই শিক্ষার্থীর বিচার দাবিতে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

চাঁদপুর আল আমিন একাডেমির শিক্ষার্থী আবু সাঈদ রাফিন গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যানের চাপায় নিহত হন। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে আল আমিন একাডেমির শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল আল আমিন একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। পরে শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে শহরের প্রধান সড়কে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘সড়ক চাই নিরাপদ, প্রাণহানি আর নয়’সহ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় একের পর এক প্রাণ ঝরছে। রাফিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি অব্যবস্থাপনার ফল।

সমাবেশ থেকে পিকআপ ভ্যানের চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শহরের ভেতরে ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের দাবিও জানান শিক্ষার্থীরা। কোন সময় কোন সড়কে ভারী যান চলবে-এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা চাঁদপুর জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে আবু সাঈদ রাফিনের মৃত্যুর সুষ্ঠু বিচার, দোষী চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং শহরের সড়কগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ ঘটনায় চাঁদপুর শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম