
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন, ইসলামি আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
কচুয়া (চাঁদপুর): ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সুশৃঙ্খল বাহিনী বিজয় লাভ করতে পারে। অনেক বড় দল হলেও বৃশৃঙ্খলা থাকলে পরাজয় ঘটে। দলে তুচ্ছ বিষয় নিয়ে মতভেদকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা সৃষ্টি হয়ে দলের বিরাট ক্ষতি ডেকে আনতে পারে। ভূল ভ্রান্তি, মনোমালিন্য ভুলে গেলে শৃঙ্খলা ফিরে আসবে। তাই শৃঙ্খলা অটুট রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমরা নির্বাচনী যুদ্ধে অংশ নেব, ইনশাআল্লাহ্ আমাদের বিজয় হবে।
তিনি শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখা কতৃক হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মাও. আবু হানিফ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন জহিরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত চাঁদপুর-১ কচুয়া আসনের প্রার্থী মুফতি ওমর ফারুক ইবরাহীমী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রবিউল ইমলাম, কচুয়া পৌরসভার সভাপতি মাও. ওমর ফারুক, আশ্রাফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ইসলামি আন্দোলনের নেতা মুফতি মোজাম্মেল হক, কচুয়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাও. দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা মাও. মাজহারুল ইসলাম ও উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ। প্রতিনিধি সম্মেলন শেষে শোভাযাত্রা বের করা হয়।
ফম/এমএমএ/


