সুবিধাবঞ্চিত জনগণের জন্যই কাজ করে লিগ্যাল এইড : সামছুন্নাহার

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চাঁদপুর: চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার বলেছেন, সুবিধাবঞ্চিত জনগণের জন্যই কাজ করে লিগ্যাল এইড। সুবিধাবঞ্চিত যে জনগণ তাদের একটি নির্দিষ্ট আয় সীমার মানুষদের পক্ষে তাদের মামলার কিছুটা অংশ সরকার বহন করেছে। আমরা কিন্তু বৃটিশ লিগ্যাল পদ্ধতি যেটা আছে, সেটা আমরা কমনওয়েলথ দেশ হিসেবে অনুসরণ করি। এটা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবস্থা। এ ব্যবস্থা যে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সে ততটা বেশি বিজয়ী হওয়ার সম্ভব। আশা করি লিগ্যাল এইড এর সেবামূলক কাজ সকলের সহযোগিতায় আরো এগিয়ে যাবে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্বন্দ্বে কোন আনন্দ নাই’ আপোষ কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই এ স্লোগানকে সামনে রেখে জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজসহ অতিথিরা। আলোচনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আব্দুল হান্নান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাড. বাবর বেপারী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ.জেড.এম রফিকুল হাসান রিপন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসানসহ জেলা আইনজীবী সমিতি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে লিগ্যাল এইড দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামসুন্নাহার।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সারোয়ার জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড.জসিম মেহেদী, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাড. নুরুল হক কমল, অ্যাড. ফরিদা ইয়াসমিন আলো, উপকারভোগী দৃষ্টি পোদ্দার ও আরিফুর রহমান তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে লিগ্যাল এইডের সেরা দুই আইনজীবী নুরুল হক কমল, ফরিদা ইয়াসমিনের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য বিচরকরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম