চাঁদপুর: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি বের হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইতুল আমিন চত্বরে এসে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম। এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শহর সভাপতি মো. জুবায়ের হুসাইন, সাইফুল ইসলাম সবুজ খান, সুলতান মাহমুদ, সাবেক জেলা সভাপতি আকরাম হোসাইন এবং সাবেক শহর সেক্রেটারি আব্দুল হাই লাভলু।
বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন ও জুলুমের শিকার হয়েছে। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পরও আমাদের ‘গুপ্ত সুপ্ত সংগঠন’ বলা হয়, যা খুবই হাস্যকর।
নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কখনোই গুপ্ত ছিল না।বরং যারা আজ একথা বলে তারাই দেশের মানুষের কথা চিন্তা না করে মুচলেকা দিয়ে দেশের বাহিরে চলে যায়।আমরা কিন্তু বীরের বেশে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
আমরা দেশকে দাসত্বমুক্ত ও স্বনির্ভরশীল হিসেবে দেখতে চাই। এ দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী তরুণ। তাদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ বদলে যাবে। আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও যুববান্ধব রাষ্ট্র হিসেবে।
দুর্নীতি, হত্যা, গুম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে শিবির নেতারা বলেন, আমরা মাদকমুক্ত সমাজ চাই। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন এনে কর্মমুখী ও নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও আগামীর নতুন বাংলাদেশ গড়তে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকে দল-মতের ঊর্ধ্বে থেকে হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর পৌর নেতাকর্মীসহ সহস্রাধিক শিবিরকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন চাঁদপুর শহর সেক্রেটারি নাজমুস সাকলাইন।
ফম/এমএমএ/


