সংসদ সদস্য হিসেবে শপথ পড়বেন চাঁদপুরের ৫ নির্বাচিত প্রার্থী

চাঁদপুর :  চাঁদপুরে ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ পড়বেন। প্রার্থীরা হলেন-আ ন ম এহছানুল হক মিলন, মো. জালাল উদ্দিন, শেখ ফরিদ আহমেদ, এম এ হান্নান ও মো. মমিনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এসব প্রার্থীদের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং আমরা চিঠি পেয়েছি।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ইসি।

সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। এটি কয়েক দফায় হতে পারে। গ্রুপ ধরে আসলে গ্রুপভিত্তিকও হতে পারে।

দেশের ইতিহাসে এই প্রথম কোনো সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সকাল থেকে কয়েক দফায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম