চাঁদপুর : গত কয়েকদিন শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চাঁদপুর আদালতের হাজতখানায় থাকা শীতার্ত কয়েদিদের মানবিক দিক বিবেচনায় মেঝেতে বিছানোর জন্য কার্পেট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে হাজতখানার দায়িত্বরত কর্মকর্তার কাছে কার্পেট হস্তান্তর করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সৌজন্যে এ কার্পেট প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মেহেদি হাসানসহ বিচার বিভাগে কর্মরত অন্যান্য বিচারকরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রচণ্ড শীতে হাজতখানায় আটক থাকা কয়েদিদের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আদালতের কর্মকর্তারা।
ফম/এমএমএ/


