‘শিক্ষকতা পেশায় তিনি ছাত্র-ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন’

শিক্ষাবিদ মোহাম্মদ আলী পাটওয়ারীর  জানাজার নামাজ পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণে জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোহাম্মদ আলী পাটোয়ারী জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউ তে ভর্তি ছিলেন।

বুধবার (৭মে) হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করেন।

পরে (৮ মে ) সকাল ৮ টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৪ বছর। মরহুম মোহাম্মদ আলী পাটোয়ারী তার সুশিক্ষিত ৭ ছেলে ও এক কন্যা সহ বহু আওলাদ রেখে যান।

শিক্ষাবিদ মোহাম্মদ আলী পাটোয়ারীর মৃত্যুর সংবাদ শুনে তার জানাজার নামাজে বিশিষ্ট ও গুণীজন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এ সময় তার কর্ম জীবন নিয়ে গুণীজনরা স্মৃতিচারণ করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ আলী পাটওয়ারীর নামাজে জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

তিনি বলেন, মোহাম্মদ আলী পাটওয়ারী ছিলেন একজন আদর্শ শিক্ষক, সৎ ও নিষ্ঠাবান মানুষ। তার সারা জীবন ছিল ইসলামী আদর্শ ও নৈতিকতার প্রতিচ্ছবি। শিক্ষকতা পেশায় তিনি শত শত ছাত্র-ছাত্রীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন এবং একইসাথে নৈতিকতা ও চরিত্র গঠনে উৎসাহিত করেছেন।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া আরও বলেন, মরহুম মোহাম্মদ আলী পাটওয়ারী শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজ সংস্কারক ও ইসলামি আন্দোলন একজন সক্রিয় নিবেদিত প্রাণ।  তার মৃত্যুতে এলাকা বাসী একজন আলোকিত মানুষকে হারাল। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও সান্ত্বনা কামনা করেন।

জানাজার নামাজে অংশগ্রহণ করেন শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, দৈনিক যুগান্তর পত্রিকার নগর সম্পাদক মোঃ মিজান মাল্লিক, চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদী, চাঁদপুর জেলা দারা জজ আদালতের আইন কর্মকর্তা অ্যাডভোকেট আবদুল কাদের খান, জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী, সাবেক ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ ইউসুফ গাজী প্রমুখ।

এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন  শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম