
চাঁদপুর: শাহরাস্তি যেন এক মহাসমাবেশের নগরী। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো এ যাবতকালের সবচেয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি। উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে রঙে-গন্ধে, স্লোগান-উদ্দীপনায় ভাসল পুরো শাহরাস্তি।
দলীয় পতাকা, বেলুন, ফেস্টুন, প্ল্যাকার্ডে সজ্জিত হাজারো নেতাকর্মী যেন গড়ে তুলল এক চলমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রদর্শনী। বিশেষ আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত এক শিশুর উপস্থিতি, যা র্যালিতে সবার দৃষ্টি কাড়ে। প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা, ধানক্ষেত ও কৃষকের গ্রামীণ জীবনের দৃশ্যাবলী মিলেমিশে যেন বলছিল— “বাংলাদেশ মানে গ্রাম, মানুষ, ঐতিহ্য।
র্যালি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে শাহরাস্তির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশের সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল জনতার উদ্দেশ্যে বলেন, “শাহরাস্তি ও হাজীগঞ্জে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে আনোয়ার হোসেন খোকনের পক্ষে। এ জনস্রোত প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়, মুক্তি চায়। আগামী দিনে বিএনপির কান্ডারি হিসেবে খোকন ভাই এগিয়ে আসছেন—এ ঘোষণা আজ এখান থেকেই দিলাম।
আমি সকল নেতাকর্মীকে বলছি—দলমত ভুলে ঐক্যবদ্ধ হোন, গ্রামে-গ্রামে, মানুষে-মানুষে আনোয়ার হোসেন খোকনের বিজয়ের বার্তা পৌঁছে দিন।”
প্রধান অতিথি, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, গণমানুষের এই ঢল প্রমাণ করে, বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। আনোয়ার হোসেন খোকন আমাদের এলাকার গর্ব, তিনি শুধু নেতা নন-তিনি মানুষের আস্থার ঠিকানা। এ বিজয় র্যালি হচ্ছে আগামীর মুক্তির অঙ্গীকার।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য দেন-কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিন্টু মিয়াজী, মোশাররফ হোসেন টুটুল, বিল্লাল হোসেন খোকন, শামছুল আলম, এহতেশামুল হক সজীব, সাইফুল করিম মিনার, তাজুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম রনি, ফখরুল ইসলাম, শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল প্রমুখ।
দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় উপজেলা পরিষদ চত্বরে। বিকেল গড়াতেই শাহরাস্তির প্রতিটি সড়ক, গলি ও মোড় ভরে যায় স্লোগানমুখর জনতায়। নেতাকর্মীদের দাবি, প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে এ র্যালি হয়ে উঠেছে শাহরাস্তি-হাজীগঞ্জের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বৃহত্তম সমাবেশ।
ফম/ফয়েজ/এমএমএ/


