শাহরাস্তির টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ছাতা প্রতীকের গণসংযোগ

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনে ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. নেয়ামুল বশির। তিনি ছাতা প্রতীক নিয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত দুই ইউনিয়নের বিভিন্ন স্পটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন।

গণসংযোগকালে ড. নেয়ামুল বশির বলেন, দেশ বর্তমানে একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। স্বৈরাচারী শাসনের হুকুমে তাদের গুলি করে হত্যার চেষ্টা করা হলেও আল্লাহর অশেষ রহমতে তারা প্রাণে বেঁচে যান।

তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করার মূল লক্ষ্য ছিল একটি শোষণহীন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সেই লক্ষ্য বাস্তবায়িত হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল ঘটেছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

ড. নেয়ামুল বশির বলেন, বারবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ক্ষমতা ঘুরেছে, কিন্তু কোনো সময়েই জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটেনি। দীর্ঘদিন ধরে একতরফা শাসনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে পুরোনো বন্দোবস্ত ভেঙে নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জনগণের ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে এবং ইনসাফভিত্তিক সমাজ গড়তেই ১০ দলীয় ঐক্যজোট নির্বাচনে অংশ নিয়েছে।

গণসংযোগ শেষে তিনি বলেন, জনগণ যদি এবার সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে চাঁদাবাজি, দখলদারি, মাস্তানি ও দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করা সম্ভব হবে এবং বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে।

গণসংযোগকালে জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাও. হাবীবুর রহমান, উপজেলা জামায়াত আমীর মোস্তফা কামালসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম