শাহরাস্তিতে সজাগ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ কর্মসূচি সম্পন্ন

শাহরাস্তি (চাঁদপর): সজাগ ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি-২০২৬ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এ কর্মসূচির আওতায় ৬৫ জনের অধিক শিশু-কিশোরের মাঝে ঈদের উপহার পৌঁছে দেওয়া হয়।
রোজার শেষ সময়ে অভিভাবকদের ব্যস্ততার কথা বিবেচনা করে আনুষ্ঠানিক আয়োজনের পরিবর্তে উপহারপ্রাপ্তদের বাড়িতে সরাসরি পোশাক পৌঁছে দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম বাস্তবায়নে প্রবাসীসহ দেশ-বিদেশের বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা আর্থিক সহযোগিতা প্রদান করেন। তাদের সম্মিলিত সহযোগিতায় প্রতিবছর অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হচ্ছে সজাগ ফাউন্ডেশন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত সজাগ ফাউন্ডেশন একটি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফ্রি মেডিকেল, ডেন্টাল ও চক্ষু সেবা, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, মাদকবিরোধী সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হলো সাধারণ মানুষের জন্য রক্তের সহজলভ্যতা নিশ্চিত করা। এ পর্যন্ত প্রায় ৪০ হাজারের অধিক মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে সজাগ ফাউন্ডেশন চাঁদপুর-কুমিল্লা অঞ্চলে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি স্বেচ্ছা রক্তদাতাদের একটি আঞ্চলিক তথ্যভান্ডার গড়ে তুলতেও কাজ করছে সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং মানুষকে স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধ করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম