শাহরাস্তিতে বিএনপি মনোনীত প্রার্থীর সভায় আ’লীগ নেতার বক্তব্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির মনোনীত প্রার্থী মমিনুল হকের নির্বাচনী প্রচারণা সভায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতির অংশগ্রহণ এবং বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে উপজেলার শংকরপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পথসভায় এ ঘটনা ঘটে।
সভা মঞ্চে উঠে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী হুমায়ূন কবির। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সক্রিয় ও পরিচিত একটি নাম।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সময়ে কাজী হুমায়ূন কবির প্রভাব খাটিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের নাম ভাঙিয়ে প্রশাসনিক অনিয়মে জড়ানোসহ নানা অভিযোগের মুখে ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা যখন পুনর্গঠনের পথে এগোচ্ছেন, তখন আওয়ামী লীগের বিতর্কিত এক নেতার হঠাৎ বিএনপির মঞ্চে উঠে বক্তব্য দেওয়া তৃণমূল নেতাকর্মীদের কাছে অস্বস্তিকর ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়েছে।
স্থানীয় নেতারা বলছেন, দল দীর্ঘদিনের সংগ্রাম অতিক্রম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সময়ে একজন বিতর্কিত আওয়ামী লীগ নেতাকে পথসভায় স্থান দেওয়ায় নিবেদিত বিএনপি কর্মীদের মনে প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার বলেন, দলের দুর্দিনে আমরা মাঠে ছিলাম। অথচ এখন আওয়ামী লীগের লোকজনকে মঞ্চে তুলে বক্তব্য করানো-এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মিয়াজী বলেন, প্রার্থী প্রকাশেই বলেছেন, এ আসনে আড়াই লাখ আওয়ামী লীগের ভোট রয়েছে এবং তাদের মামলা থেকে অব্যাহতি দেবেন। বিএনপির তৃণমূল কর্মীরা এগুলো দেখে ব্যথিত হচ্ছে। আওয়ামী লীগের ভোটের প্রয়োজন বলেই আ’লীগ নেতাকে মঞ্চে তোলা হয়েছে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম