শাহরাস্তিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আওয়ামীলীগ ক্ষমতায় আসতে প্রতিবেশী দেশের কাছে ধর্ণা দিচ্ছে : ইঞ্জিনিয়ার মমিনুল হক

শাহরাস্তি (চাঁদপুর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরাস্তি-হাজীগঞ্জের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, একের পর এক জিনিসপত্রের দাম বৃদ্ধি করে প্রমাণ করেছে তারা জনবান্ধব নয়। এখন তারা ক্ষমতায় আসতে প্রতিবেশী দেশের কাছে ধর্ণা দিচ্ছে। আওয়ামীলীগ ২০১৪ সালে রাতে ভোট নিয়ে জনগনের অধিকার ক্ষুণ্ণ করেছে। আমরা আর ভোট চুরি করতে দিব না। ইভিএম মানিনা এ মেশিনে ভোট নিতে দেয়া হবে না। সরকার এখন আবলতাবল বকছে, মন্ত্রী এমপিরা জান্নাত জাহান্নাম বুঝে না। নির্লজ্জ হয়ে তারা পাশ্ববর্তী দেশের কাছে ক্ষমতায়  আসার আকুতি করছে। তিনি আরোও বলেন, আমি এমপি হতে চাই না। বেগম জিয়াকে মুক্ত করতে চাই। আগামী একবছর আমরা রাজপথে থেকে বেগম জিয়াকে মুক্ত করে তারেক জিয়াকে নিয়ে সুন্দর দেশ গড়বো।

শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে শাহরাস্তির দোয়াভাঙ্গায় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ওইদিনবিকেলে উপজেলার কালিয়াপাড়া থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিকুল ইসলাম, মোস্তফা খান সফরি, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।

 সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম