
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কর্মরত টেকনিশিয়ানের সার্টিফিকেট না থাকা, লাইসেন্স হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতাল গেট সংলগ্ন ফাতেমা ল্যাব এন্ড কন্সালটেশন সেন্টারকে ২৫ হাজার টাকা, দি খান ডায়াগনষ্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও মর্ডান ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযুক্ত ব্যক্তিকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৬(১) ও ৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য পরিদর্শক এবং শাহরাস্তি মডেল থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


