
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ঘরে ঘরে চোখ উঠা রোগের প্রকোপ দেখা দিয়েছে। প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ এ রোগে আক্রান্ত । চিকিৎসকদের মতে বৃষ্টি ও গরমের প্রভাবে মৌসুমি এ রোগের প্রকোপ বাড়ছে।
উপজেলার বিভিন্ন ফার্মেসিতে কথা বলে জানা গেছে, গত কয়েকদিনে চোখের ড্রপের চাহিদা বেড়েছে। এতে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ না নিয়েই চোখের ড্রপ ও এন্টি হিস্টামিন ওষুধ সেবন করছেন। এসব ওষুধ খেয়ে দুই তিন দিনের মধ্যে অনেকেই ভালো হয়েছে বলে দাবি করেন। তবে চোখ উঠা রোগে আক্রান্ত ব্যক্তিরা তাদের প্রাত্যহিক কাজ করে যাচ্ছেন। মেলামেশা করছেন সবার সঙ্গেই।
কলেজ ছাত্র মোঃ ফেরদৌস নূর নাহিদ জানান, চোখ উঠা নিয়েই ক্লাসে যাচ্ছেন তিনি। ফার্মেসি থেকে চোখের ড্রপ নিয়েছেন। বাইরে বের হওয়ার সময় কালো রোদ চশমা ব্যবহার করছেন। তিনি আরও জানান, পরিবারের কয়েক জনের এ সমস্যা হয়েছে। ৪/৫ দিনের মধ্যে সেরেও উঠেছে। কোন চিকিৎসকের শরণাপন্ন হতে হয় নি।
সবজি বিক্রেতা মোঃ আমিনুল ইসলাম জানান, তিনিসহ পরিবারের কয়েকজনের চোখ উঠেছে। এখন সবাই সুস্থ হয়ে গেছেন।
ঠাকুর বাজারের ফার্মেসি ব্যবসায়ি মোঃ আজাদ হোসেন জানান, গত ১০/১৫ দিনের চোখের ড্রপ কিনতে আসা রোগির সংখ্যা অনেক। বেশিরভাগ লোকই চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া চোখের ড্রপের জন্য আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, এটি একটি ছোঁয়াচে রোগ। চোখ উঠা নিয়ে বাইরে ঘুরাঘুরি করা যাবে না। তাহলে আক্রান্তের সংখ্যা আরও ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। চোখ উঠা রোগী ২/৩ দিনের মধ্যে সুস্থ্য না হলে চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ফম/এমএম/ফয়েজ/


