চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী ও ভাবির যৌথ ষড়যন্ত্র এবং পরকীয়ার জেরে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জেসমিন আক্তার (২২)।
গত ১৭ জুলাই বিকেল ৫টায় উপজেলার আহম্মদনগর এলাকার মন গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেসমিন আক্তার শাহরাস্তি থানায় স্বামী আব্দুল করিম (৩২) ও ভাবি তানিয়া বেগমের (২৬) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জেসমিন আক্তার উল্লেখ করেন, সাত বছর আগে আব্দুল করিমের সঙ্গে ইসলামি শরীয়াহ মোতাবেক তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। সবকিছু ঠিকঠাক চললেও স্বামীর সঙ্গে ভাবির (ভাইয়ের স্ত্রী) অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। জেসমিন বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানালে স্বামী ও ভাবি উল্টো তাঁকে মারধর ও হুমকি দিতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, ২নং বিবাদী তানিয়া বেগম, স্বামী প্রবাসে থাকার সুযোগে ১নং বিবাদী আব্দুল করিমের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। একপর্যায়ে জেসমিনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সন্তানদের রেখে দেওয়া হয় স্বামীর কাছে।
ঘটনার দিন জেসমিনকে একা পেয়ে তানিয়া বেগম কিল-ঘুষি মারার পাশাপাশি কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। আঘাতটি সরাসরি মাথায় না লেগে তাঁর বাম কানে লাগে, ফলে মারাত্মক জখম হয় এবং রক্তক্ষরণ হয়।
জেসমিনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তানিয়া বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বর্তমানে জেসমিন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী জেসমিন আক্তারের স্বামী আব্দুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরকীয়ার অভিযোগ ভিত্তিহীন। মারামারির বিষয়ে তিনি অবগত নন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফম/এমএমএ/


