
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্নের অলংকার বানানোর একটি কারখানায় চুরির ঘটনায় জড়িত আরও ১ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম সানজিদ (২২), সে হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার খোরশেদ আলমের ছেলে।
এর আগে গত ৫ মে দুপুরে এ ঘটনায় জড়িত অপর ২ আসামি একই গ্রামের হানিফের পুত্র মেহেরাজ ও পার্শ্ববর্তী পরানপুর গ্রামের মুন্সি বাড়ীর মৃত ছাফর আলীর পুত্র মোঃ সালাউদ্দিন কে (২৮) আদালতে সোপর্দ করা হয়েছে ।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মোঃ আতোয়ার রহমান জানান, এখন পর্যন্ত ১৪ ভরি ৭ আনা স্বর্ন উদ্ধার উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে আসামিদের রিমান্ড চাইলে আদালত সালাউদ্দিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে ।
প্রসঙ্গত, গত ২ মে মধ্য রাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে মক্কা জুয়েলার্সের অলংকার তৈরির কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কারখানার ড্রয়ারে রক্ষিত ২৫ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।
ফম/এমএমএ/ফয়েজ/


