লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে “লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশন”-এর নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকায় ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন অতিথিরা।

ফাউন্ডেশনের সভাপতি সোহাগ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং রাসেল হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লতিফগঞ্জ ঈদগাহ ময়দানের খতিব মাওলানা জসিম উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, রুস্তমপুর হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম, কাউনিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিজি, লাউতলী লিল্লাহ ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম সুমন, সংগঠনের উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন এবং জাহিদ হাসানসহ অন্যান্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুবকদের এ ধরনের উদ্যোগ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, লাউতলী সোশ্যাল এইড ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করবে।”

অনুষ্ঠানে আগত বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এই অফিসের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম