চাঁদপুর: জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের মৌলিক সংস্কার নিশ্চিত করার দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।
প্রচারণা চলাকালে নেতারা বলেন, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার একটি যুগোপযোগী রূপরেখা। এই সনদের বাস্তবায়নের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে তারা মন্তব্য করেন।
গণভোট জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি গণতান্ত্রিক পদ্ধতি। জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে দেশের সর্বস্তরের মানুষ সহজেই এতে অংশগ্রহণ করতে পারবে এবং রাষ্ট্র সংস্কার বিষয়ে জনগণের স্পষ্ট রায় প্রতিফলিত হবে। তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য তারা সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সবুজ খান, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আল আমিনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।
নেতারা আশা প্রকাশ করেন, গণভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়া গেলে জুলাই সনদ বাস্তবায়নের পথ আরও সুগম হবে এবং দেশ একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রসর হবে।
ফম/এমএমএ/


