চাঁদপুর : চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মো. ইব্রাহীম (৪৩) ও মো. ইউনুস (৪০) নামে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইছারা নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বাইছারা থেকে মাদক কারবারি ইব্রাহীম ও ইউনুসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার ব্যাক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


