যথাযথভাবে যাকাত আদায়ের মাধ্যমে সমাজে অর্থনৈতিক বৈষম্য হ্রাস সম্ভব

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ‘যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ইউরেশিয়া কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম। যথাযথভাবে যাকাত আদায়ের মাধ্যমে সমাজে অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং দারিদ্র্য বিমোচন সম্ভব।

যাকাত কেবল দান নয়; বরং এটি আল্লাহ প্রদত্ত সম্পদের একটি নির্ধারিত হক, যা যথাযথভাবে বণ্টন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের সঠিক হিসাবের মাধ্যমে যাকাত আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ আহমদীয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী। তিনি যাকাতের তাৎপর্য, গুরুত্ব এবং এর সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুন অর রশিদ এবং দারুসসালাম জামে মসজিদের ইমাম অধ্যাপক সোহাইল আহমেদ চিশতী।

জেলা জামায়াতের নেতা মোহাম্মদ হোসাইন, শহর শাখার সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট মামুন মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম