চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানাধীন পশ্চিম মৈশাদী এলাকায় জমির রাস্তা ব্যবহার ও সংস্কার কে কেন্দ্র করে এক বৃদ্ধা নারী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত অবস্থায় তিনজনকে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী এ.কে.এম আনোয়ার হোসেন (৭০) অভিযোগ করেন, তিনি পশ্চিম মৈশাদীর মাহবুব রহমান মাস্টার বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্রতিবেশী জসিম মির্জা, নাজমূল হাসান মির্জা (নয়ন), আজম মির্জা ও সোহেলসহ অজ্ঞাত ৮/১০ জন ব্যক্তি তার ক্রয়কৃত জমির রাস্তায় চলাচলে বাধা দিয়ে আসছিল।
অভিযোগে বলা হয়, ১৯৯৪ সালে বৈধভাবে জমি ক্রয়ের সময় রেজিস্ট্রি দলিলে উক্ত রাস্তা ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও অভিযুক্তরা জোরপূর্বক রাস্তা ব্যবহার বন্ধ করে দেয় এবং চলাচলের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে হামলার হুমকিও দেওয়া হতো।
ভুক্তভোগীর দাবি, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি বাড়ির সামনে রাস্তায় ড্রেজারের পাইপ অপসারণের পর রাস্তার কাটা অংশ মেরামত কাজ করছিলেন।
এ সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তার কাজে বাধা দেয়। কারণ জানতে চাইলে তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয় এবং পরিহিত কাপড় ছিঁড়ে ফেলা হয়।
তিনি আরও জানান, তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী ও ছেলেকেও বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে তার স্ত্রীর পায়ে গুরুতর আঘাত লাগে।
ঘটনার সময় আশপাশের লোকজন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর মডেল থানার এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা আহতদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলার পর অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, পুলিশ কিংবা প্রশাসন তাদের কিছু করতে পারবে না এবং ভবিষ্যতে আবার হামলা চালাবে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/


