
চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মেয়াদ উত্তীর্ণ খাবার ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রুপসা বাজারে যৌথ বাহিনীর সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে রাজধানী বেকারি কে ৩০ হাজার টাকা, একই অপরাধে রাজশাহী বেকারিকে ৩০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে মেসার্স দেবিনাথ ফার্মেসীকে ১০ হাজার টাকা, একই অপরাধে বিথী ফার্মেসীকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস রাখার অপরাধে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, একই অপরাধে হাজী স্টোরকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকান মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকাসহ মোট ৯৮ হাজার টাকা জরিমানা আরোপ ও করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

