
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুর-৫ (হাজিগঞ্জ–শাহরাস্তি) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মুসলমানরা ন্যূনতম ঈমানী চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলা মজলিস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটের চেয়ে মুসলমান ভোটার অনেক বেশি। মুসলমানরা যদি ঈমানী চেতনার ভিত্তিতে ভোট প্রদান করেন, তাহলে জয়লাভ নিশ্চিত। তিনি অভিযোগ করেন, শিক্ষা নামের অশিক্ষা যুবসমাজকে ইসলাম ও কোরআনের আদর্শ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, যার ফলে সমাজে ন্যায়-অন্যায়ের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অন্যায়ই ন্যায় হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। পাশাপাশি রাস্তাঘাট, ড্রেনেজ উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণসহ এলাকার বুনিয়াদি অবকাঠামোতে বাস্তবসম্মত উন্নয়ন করবেন। মাদক ও বিশৃঙ্খলা নির্মূলে সমন্বিত পরিকল্পনা গ্রহণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান-বিশেষ করে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি বলেন, অনৈসলামিক, অসামাজিক, অবৈধ এবং বেহায়াপনার মতো সমাজবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি ফল ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন, শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা হবে।
মাওলানা হাবিবুর রহমান বলেন, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হবে, যোগাযোগ ও অবকাঠামো খাতে নানামুখী উদ্যোগ নেওয়া হবে। আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে প্রযুক্তিভিত্তিক বেকারত্ব দূরীকরণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যসেবা উন্নয়ন, সুস্থ সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র স্থাপন এবং শিশু-কিশোরদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও পরিবেশ নিশ্চিত করাও তাঁর অঙ্গীকার।
তিনি আরও বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূলের জন্য কঠোর নীতি গ্রহণ করা হবে, আইনের শাসন সুদৃঢ় করা হবে এবং বিদ্যুৎ–জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে সকল অনিয়ম দূর করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শাহাদাত হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুল রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান এবং সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।
ফম/ফয়েজ/এমএমএ/


