চাঁদপুর : চাঁদপুর শহরে মায়ের সাথে মার্কেটে গিয়ে ঈদের জন্য নতুন পোষাক কেনা হলো না ৬ বছরের শিশু আফরোজার।
রোববার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে কাজী নজরুল ইসলাম সড়কে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটো রিকশার চাপা পড়ে শিশুটির করুণ মৃত্যু হয়।
আফরোজা শহরের পুরাণবাজার এলাকার পূর্ব শ্রীরামদী ঢালী বাড়ির প্রবাসী আবুল বাশারের ছোট মেয়ে। তারা আল-আমিন স্কুল এন্ড কলেজের কাছে ভাড়া বাসায় থাকেন।
স্বজনরা জানান, বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে মায়ের সাথে ঘর থেকে বের হয় আফরোজা। জেলা পরিষদের ডাকবাংলোর সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা আফরোজাকে চাপা দিয়ে রাস্তায় ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান শোভন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহের সুরাহতাল রিপোর্ট তৈরী করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ সুরাহতাল তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফম/এমএমএ/


