মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ : এমএ হান্নান

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান বলেছেন, বিগত ১৭ বছর মানুষ কথা বলতে এবং রাজনীতি করতে পারেনি। পতিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। রাতের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। যার ফলে মানুষ এখন ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য অপেক্ষায় আছেন। ভোটের মাধ্যমে তারা যোগ্য প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাবেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যেই বলেছেন আগামী নির্বাচন কঠিনতর নির্বাচন হবে। তাই আপনারা বিএনপির ৩১ দফা নিয়ে প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপি তথা ধানের শীষের কথা বলুন। তাদের সুখ দু:খের কথা জানুন। জনসভায় লোকজনের উপস্থিতি দেখে এবং পতিত আওয়ামী লীগ না থাকায় নিশ্চিন্ত থাকার সুযোগ নেই।

তিনি বলেন, আজকের জনসভায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতি প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের সুষ্পষ্ট লক্ষণ।

জসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভুঁইয়া।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও বিএনপি নেতা মাকসুদুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাড. নাহিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন।

এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম, মহসীন মোল্লা, ফারুক হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম