মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চাঁদপুরে “শুদ্ধতার ইফতার”-এর ১১তম আসর

চাঁদপুর: প্রায় এক যুগের ধারাবাহিকতায় সামাজিক ও মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর চাঁদপুর জেলা শাখা। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত তাদের নিয়মিত কর্মসূচি “শুদ্ধতার ইফতার” এবার ১১তম আসরে পদার্পণ করেছে।
২৭ ফেব্রুয়ারি চাঁদপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চাঁদপুর সরকারি কলেজের মূল ভবনে আয়োজন করা হয় এ ব্যতিক্রমধর্মী ইফতার অনুষ্ঠান। বিকেলের পড়ন্ত আলোয় কলেজ প্রাঙ্গণে একে একে উপস্থিত হয় স্থানীয় একটি মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকবৃন্দ। শিশুদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানের সফল বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁদপুর শাখার বোর্ড সদস্য, কমিটি সদস্য ও সাধারণ ভলান্টিয়াররা। কয়েক দিনের পরিকল্পনা, সমন্বয় ও প্রস্তুতির মাধ্যমে তারা আয়োজনটিকে সুশৃঙ্খল ও হৃদয়গ্রাহী করে তোলেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের সদস্য, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিভিশনাল কমিটি এবং চাঁদপুর শাখার প্রাক্তন সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভাবর্ধন করেন।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর হামদ-নাত পরিবেশনা ও শিশুদের অংশগ্রহণে সংক্ষিপ্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুরা অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে অংশ নেয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
ইফতারের জন্য ছিল ফলমূল, শরবত, খেজুর, চপ, বেগুনি ও বিরিয়ানি। তবে খাবারের চেয়েও বড় হয়ে ওঠে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন। ইফতারের ঠিক আগে একজন বয়োজ্যেষ্ঠ আলেম শিশুদের নিয়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন। শিশুদের কচি হাতে করা সেই মোনাজাতের দৃশ্য ছিল অত্যন্ত আবেগঘন।
আজানের সঙ্গে সঙ্গে সবাই একসাথে খেজুর মুখে দিয়ে ইফতার শুরু করে। বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবকদের সঙ্গে একই কাতারে বসে ইফতার করতে পেরে শিশুরা অনুভব করে এক ধরনের আত্মবিশ্বাস ও আপনত্ব।
“শুদ্ধতার ইফতার” কেবল একটি ইফতার আয়োজন নয়; এটি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার যে মহৎ লক্ষ্য নিয়ে এ আয়োজন, তা ১১তম আসরেও সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
ফম/এমএমএ/

এসএম সোহেল | ফোকাস মোহনা.কম