মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার হরিদাসপাড়া পাটোয়ারি বাড়ির প্রবাসী মিজানুর রহমান পাটোয়ারীর দুইটি বসতঘরে শুক্রবার সকাল ৮টায় এই ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুনে দুটি বসতঘরসহ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফার্নিচার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছারখার হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মতলব দক্ষিণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।

ক্ষতিগ্রস্ত প্রবাসী মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আমার স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত হলে এক বছর পূর্বে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে স্ত্রীর পেছনে চিকিৎসা বাবদ লক্ষ লক্ষ টাকা খরচ করো স্ত্রীকে বাঁচাতে পারেনি। গত এক মাস পূর্বে আমার স্ত্রী দুনিয়ার ছেড়ে চলে যান। আজকে অগ্নিকাণ্ডে আমার থাকার দুইটি বসতঘর কেড়ে নেয়। এখন আমি খোলা আকাশের নিচে বসবাস ছাড়া আর আমার আর কোন উপায় নেই। জীবনের সকল উপার্জন টাকা স্ত্রী পিছনে খরচ কর বাঁচাতে পারেনি তাকে। শেষ আমার দুইটি বসতঘর ছিলো,আজ আগুনে তাও কেড়ে নিলো । ঘরে থাকা নগদ তিন লক্ষ টাকা, স্ত্রী ও আমার মেয়ের ৪ ভরি স্বর্ণালংকার, মূল্যবান প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আমার প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম