
চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ষাটনল ও লঞ্চঘাট এলাকার মেঘনা নদীর পাড়ে নতুন করে যাত্রা শুরু করলো জল বিলাস রেস্টুরেন্ট।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মনোরম পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
যৌথ মালিকানায় গড়ে ওঠা এই বিলাসবহুল রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষীসহ রেস্টুরেন্টের কর্মচারীরা। উদ্বোধনী দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে রয়েছে মনোরম পরিবেশে ১০০ জনেরও বেশি অতিথি ধারণক্ষমতা। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুন্নতে খাতনা (মুসলমানি), সেমিনার’সহ যেকোনো সামাজিক ও পারিবারিক আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার সুযোগ থাকবে। অতিথির পছন্দ অনুযায়ী সাজানো যাবে খাবারের মেনুও।
নদী তীরবর্তী সৌন্দর্যের মাঝে অতিথিদের জন্য থাকবে আরামদায়ক বসার ব্যবস্থা ও মানসম্মত সেবা এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।
জল বিলাসে প্রবেশের ক্ষেত্রে গেট থেকে ৫০ টাকা টিকেট নেওয়ার নিয়ম চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ টিকেটের মূল্য অতিথির খাবারের বিলের সাথে সমন্বয় করা হবে। সেই সঙ্গে টিকেট নেয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়, সম্পর্ক বা সুপারিশ না দেখিয়ে নিয়ম মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জল বিলাস রেস্টুরেন্টের উদ্যোক্তারা এলাকাবাসীর সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন এবং বলেন এ এলাকার মানুষের বিনোদন ও উপভোগের নতুন স্বপ্ন নিয়ে আমাদের এই যাত্রা। আপনাদের উপস্থিতি ও সমর্থনই আমাদের কাজের অনুপ্রেরণা।
নতুন বছরের প্রথম দিনেই উদ্বোধন হওয়ায় এ রেস্টুরেন্টকে ঘিরে স্থানীয় পর্যটন ও বিনোদনপ্রেমীদের মাঝে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ফম/এমএমএ/


